জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “গোপালগঞ্জ যেন মুজিববাদীদের আশ্রয়কেন্দ্র হয়ে না ওঠে। যারা গণঅভ্যুত্থান ও নতুন বাংলাদেশের পক্ষে, তারাই এগিয়ে আসবে।”
বুধবার (১৬ জুলাই) বিকালে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “আমরা শান্তির বার্তা নিয়ে এসেছি। কিন্তু মুজিববাদীরা সংঘাতের পথ বেছে নিয়েছে। আমরা আগেই বলেছিলাম—বাধা দিলে বাধবে লড়াই, আর সেই লড়াইয়ে জিততেই হবে।”
তিনি অভিযোগ করেন, সমাবেশে বাধা দেওয়ার মাধ্যমে গোপালগঞ্জের সাধারণ মানুষকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তার ভাষায়, “যদি আজ বাধা না আসতো, গোপালগঞ্জের মানুষ লোকে লোকারণ্য করে ফেলতো এই মাঠ।”
তিনি আরও বলেন, “পুলিশ যদি জনগণের সুরক্ষায় ব্যর্থ হয়, তবে দায়িত্ব আমাদের নিতে হবে। গোপালগঞ্জে মুজিববাদীদের বৈষম্যের রাজনীতি চলতে দেওয়া হবে না।”
নাহিদ ইসলাম বলেন, “মুজিববাদীরা মুক্তিযুদ্ধ ও গোপালগঞ্জের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা এটিকে পুনরুদ্ধার করব। যারা হামলা চালিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। তা না হলে আমরা আবার আসব এবং নিজেদের হাতে গোপালগঞ্জকে মুক্ত করব।”
সমাবেশের একপর্যায়ে নাহিদ স্মরণ করেন শহীদ আবু সাঈদ ও ওয়াসিমদের কথা। তিনি বলেন, “১৬ জুলাই আমাদের ৬ শহীদের রক্তের শপথ আজ আবার নতুন করে উচ্চারিত হলো—মুজিববাদীরা আর কখনও বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।”
